নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগত পর্যায় থেকে নামের প্রস্তাবনা চেয়েছে এ বিষয়ে গঠিত সার্চ কমিটি। আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ৫ জনের নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে। রোববার ( ৩ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সার্চ কমিটি।

গত ৩১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করে সরকার। এরপর আজ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় হাইকোর্টে। বৈঠক শেষে নামের প্রস্তাবনা চেয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে।

বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলযোগে পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

আইন অনুযায়ী, সার্চ কমিটি একবার গঠিত হলে নির্বাচন কমিশনের প্রতি সদস্যপদের জন্য দুজন করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে ১৫ কার্যদিবসের বেশি সময় লাগে না।

এরপর রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারকে বাছাই করে ইসি গঠন করেন।

শেখ হাসিনার সরকারের পতনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করলে নির্বাচন কমিশনারের পদগুলো শূন্য হয়।