সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যদি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (২৩ জুন) সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি সঠিক নয়। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। উত্তরা এলাকা থেকে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, কৃষি জমি দখল রোধে সরকার কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছে। পাশাপাশি বিদেশী ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে, যাতে এসব ফল হারিয়ে না যায়।
পরিদর্শনকালে তিনি হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন।
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈরের ইউএনও কাউসার আহমেদ, মৌচাক হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ কৃষি মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










