অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সম্রাটকে দুর্নীতির দুটি পৃথক ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সাজা প্রদান করেছেন। রায়ে বলা হয়েছে, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অন্য ধারার সাজা শুরু হবে। কারাদণ্ডের পাশাপাশি তাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম রায়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলাটিতে মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ২ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। এরপরই আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই অভিযোগ গঠনের সময় সম্রাট অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে তিনি পলাতক।