যশোরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি সদ্যসমাপ্ত উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর কর্মী ছিলেন। নিহতের পরিবারের দাবি, নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।