শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উল্লেখ করে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেয়ার পরই তাকে সরিয়ে নেয়া হয়।

এসিল্যান্ড পরে পোস্ট দিয়ে দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি, তার আইডি হ্যাক করা হয়েছিল। পরে তিনি আবার আইডি ফিরে পান।

জানা যায়, পোস্ট দেয়ার পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সে পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্টে দাবি করা হয়, প্রথম পোস্টটি হ্যাক করে দেয়া হয়েছে।

এ দাবিকে নাটক আখ্যা দিয়ে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করেন। এ নিয়ে ফেসবুকে বিতর্কের শুরু হয়।

এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল...’ পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়। এ পোস্ট দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরই সরাইল উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান এবং এসিল্যান্ডের অপসারণ দাবি করেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন জানান, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লেখেননি। আইডিটির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে বলেছেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।