নারায়ণগঞ্জের পর এবার কুষ্টিয়ার খোকসায় বাসারুজ্জামান নামের এক ব্যক্তির শরীরে ৩ মিনিটের ব্যবধানে দুই ডোজ নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা পুশ করার ঘটনা ঘটেছে। বিষয়টি সারাদিন ধরে অস্বীকার করলেও সন্ধ্যায় ঘটনা সত্য বলে স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে বিষয়টি টিকাগ্রহণকারীর ভুলে ঘটেছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসেন উপজেলার শোমসপুর ইউনিয়নের বুজরুখ মির্জাপুর গ্রামের বাসারুজ্জামান (৩৮)। তিনি টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে যান। সেখানে ভিড় থাকায় কর্তব্যরত সিনিয়র নার্স শামীম আরা তাকে পাশের রুমে যেতে বলেন।

বাসারুজ্জামান পাশের রুমে গেলে সেখানে নার্স হোসনে আরা তার শরীরে টিকা পুশ করেন এবং পাশের রুমে তিন মিনিট অপেক্ষা করে চলে যেতে বলেন। 

বাসারুজ্জামান এবার ফিরে নার্স শামীম আরার রুমে তিনি মিনিট অপেক্ষা করতে থাকেন।  এসময় শামীম আরা বাসারুজ্জামানকে দেখতে পেয়ে তাকে ডাকেন এবং টিকা পুশ করে দেন।  

বাসারুজ্জামান জানান, দ্বিতীয়বার টিকা নেয়া হয়ে গেলে তিনি নার্স শামীম আরাকে প্রশ্ন করেন টিকা দুটি নিতে হয় কিনা ? নার্স তখন বলেন, না একবার এক ডোজ। তিনি তখন জানতে চান, তাকে দুই বার টিকা দেয়া হলো কেন? 

তখন নার্স তাকে জিজ্ঞেস করেন আপনি টিকা নিয়েছেন বলেননি কেন? বাসারুজ্জামান এ সময় সেখান থেকে বের হয়ে বাড়ি চলে যান। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিনকে জানান। চেয়ারম্যান উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানান।

এ বিষয়ে নার্স শামীম আরা বলেন, এটা একটা ভুল হয়েছে। উনি একবার নিয়েছেন, কিন্তু সেটা তাকে বলেননি। 

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, এর জন্য টিকা গ্রহণ করা ব্যাক্তিই দায়ী। যখন তাকে দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছিল, তখন তিনি কেন বলেননি। তবে দুইবার টিকা দেয়া হলেও কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সারা দেশে এ রকম ঘটনা অহরহ ঘটছে বলেও দাবি করেন তিনি। এ কর্মকর্তা আরো জানান, দুই ডোজ টিকা নেয়া ব্যক্তি সুস্থ আছেন এবং তিনি নিয়মিত তার খোঁজ খবর নিচ্ছেন।