মানিকগঞ্জের ঘিওরে প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

গতকাল বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উত্পল ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের হালুয়াঘাটের ঘোষেবের এলাকার মুখলেসুর রহমানের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওমর হোসেন সাইফুল (পলাতক), আরিফুজ্জামান সজীব (পলাতক)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত (পলাতক) ও আজিম খান। তাদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় প্রাইভেটকার চালক জাহাঙ্গীর আলমকে শ্বাসরোধে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যান আসামিরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।