ভারত মহাসাগরে সোমালিয়ার দস্যুদের হাতে অপহৃত বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিকের একজন চট্টগ্রামের নুর উদ্দিন। তাকে যেকোনো মূল্যে ফেরত চান স্ত্রী জান্নাতুল ফেরদৌস। বুধবার (১৩ মার্চ) সকালে নুর উদ্দিনের বিষয়ে জানতে চট্টগ্রামের কেএসআরএমের প্রধান কার্যালয়ে যান জান্নাতুল।
তিনি বলেন, মঙ্গলবার (১২ মার্চ) বিকালে আমার স্বামী ফোন করে বলেন জলদস্যুরা তাদের জাহাজটিতে আক্রমণ করেছে। এ সময় আমার স্বামী অফিসে ফোন করে বিষয়টি জানাতে বলে ফোন কেটে দেন।
তিনি বলেন, কিছুক্ষণ পর তিনি আবারো আমাকে ভিডিও কল দিয়ে কেটে দেন। এর পরে আবার আমাকে অডিও কল দিয়ে বলেন মুক্তিপণ দিলে সবাইকে ছেড়ে দেবে, না হলে গুলি করে সবাইকে মেরে ফেলতে পারে। এরপর তার সঙ্গে আমি আর কোনো যোগাযোগ করতে পারিনি।
জান্নাতুল ফেরদৌস বলেন, আমার স্বামীর ফোন ছাড়া সবার ফোন জলদস্যুরা নিয়ে গেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। গতকাল সন্ধ্যার পর তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে সকালে কেএসআরএমের কার্যালয়ে এসেছি। যদি কিছু জানতে পারি।
কেএসআরএম গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম জানান, আমরা মঙ্গলবার রাত থেকে নাবিকদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের কোনো দাবি থাকলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা এখনো মুক্তিপণের বিষয়ে কোনো প্রস্তাব পাইনি। নাবিকদের ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা করা হবে বলে জানান এ কর্মকর্তা।









