আর্থিক সুবিধা নিয়ে ফুটপাত লিজ দেয়ার অভিযোগে ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজার পরিদর্শক খন্দকার জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নগরীর মেছুয়া বাজারের জিলাপি পট্টি সড়কের ফুটপাত লিজ দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর সাক্ষরিত এক চিঠিতে তাকে এ অব্যাহতি দেয়া হয়। তার স্থলে নতুন বাজার পরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো. চান মিয়াকে।

অভিযোগ ওঠে, ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে আর্থিক সুবিধা নিয়ে বাজারের ফুটপাত লিজ দেন খন্দকার জাহাঙ্গীর আলম। অভিযোগ ও ঘটনার তদন্তে সিটি করপোরেশন তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। তদন্ত চলাকালে তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেয় সিটি করপোরেশন। সিটি করপোরেশনের সহকারী সচিব মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।