নরসিংদীর হাজীপুরে জমিসংক্রান্ত মামলার জেরে চাচা আসাদ মিয়ার হাতে ভাতিজা কাদির মিয়া (৩৪) খুন হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে হাজীপুরের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাদির মিয়া ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক।

নিহতের স্ত্রী রনি আক্তার জানান, কাদিরের চাচা আসাদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে পাঁচ মাস আগে আসাদ মিয়া কাদিরের বাবা হোসেন মিয়া ও মা নাজমা বেগমকে মারধর করেন। পরে তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা করা হয়। গতকাল সকালে জমি ও মামলার বিষয় নিয়ে চাচা আসাদ মিয়ার সঙ্গে কাদিরের তর্ক হয়। একপর্যায়ে চাচা আসাদসহ তার নাতি আজাদ, লিটন, পাভেল, তুহিন কাদিরকে রড দিয়ে পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।