গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার সফরসঙ্গী চার কমিশনার।

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সিইসি। একই সঙ্গে শ্রদ্ধা জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ ।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। 

শ্রদ্ধা নিবেদন শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ৭ই মার্চের ভাষণ হয়তো আপনারা অনেকেই শোনেননি, কিন্তু আমরা শুনেছি। তারই ধারাবাহিকতায় ২৬শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছিলো। পরে আমরা ১৬ই ডিসেম্বর পরিপূর্ণ বিজয় অর্জন করি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আসতে পেরে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি। এই মানুষটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে যে প্রতিষ্ঠা লাভ করেছে। যিনি আজ এখানে চিরনিদ্রায় শায়িত।

তবে তিনি নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি।