সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তে বিজিবির সঙ্গে সংঘর্ষে কামাল হোসেন (৪০) নামে এক গরু চোরাকারবারি নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী বনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। কামাল হোসেন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
বিজিবি জানায়, এদিন দুপুরে ৩০টি গরু নিয়ে অবৈধভাবে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও সীমান্ত পার হচ্ছিল ২০-২৫ জনের একটি গরু চোরাকারবারি দল। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে এক চোরাকারবারির দায়ের কোপে বিজিবির দায়িত্বরত লেন্স নায়েক থুই হলা মং মারমা গুরুতর আহত হন। পরে বিজিবি আত্মরক্ষায় দুই রাউন্ড গুলি ছুড়লে চোরাকারবারি কামাল হোসেন গুলিবিদ্ধ হন। বাকি চোরাকারবারিরা পালিয়ে যায়।










