ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করার জন্য নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতুতে একদিনেই টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত রোববার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ‘যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮ টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। যানবাহনের চাপ বেড়েছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতেই পরিবহনগুলো চলাচল করছে মহাসড়কে। পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।