বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৩০ মার্চ) টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‌এখন পেঁয়াজের দাম কমেছে। জিনিসপত্রের দাম কমেছে। মানুষ একটু স্বস্তিতে আছে। এখন তারা (বিএনপি) ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। পেঁয়াজ হয়তো ১২০ টাকা কেজি হতো, সেটা ৬০ টাকা হয়েছে; এটি তাদের সহ্য হয় না। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক; এটা তারা চায় না।’

তিনি বলেন, ‘‌বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, দেশে শোষণ ও দারিদ্র্যমুক্ত একটি সমাজ তৈরি করা। কিন্তু এখনও তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশকে মিনি পাকিস্তান বানানো হয়েছিল।’

মন্ত্রী বলেন, ‘‌আমি মনে করি, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের সব স্মৃতি ধরে রাখা। সেগুলো যাতে চিরস্থায়ী হয়, সে ব্যবস্থা করা।’

কাদেরিয়া বাহিনীর জাদুঘরের পাশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নামে যেন একটি স্কুল হয়, তিনি সে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

এ সময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, আতাউর রহমান খান, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএমএস সিরাজুল হক আলমগীর প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।