গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাত দেশের আটজন সামরিক প্রতিনিধি। গতকাল দুপুরে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) আয়োজনে সাত দেশের সামরিক প্রতিনিধিরা জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিদেশী কর্মকর্তারা সামরিক কায়দায় জাতির পিতার প্রতি স্যালুট জানান। এ সময় ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় তারা প্রার্থনা করেন। এরপর সাত দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান। পরে তারাও বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন।
ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, তুরস্কের কর্নেল এরদাল সাহিন, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এমজে শারাওনাহ, অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার এবং ভারতের স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা।
বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় সামরিক প্রতিনিধি দল বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছলে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির তাদের স্বাগত জানান। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী এ সময় উপস্থিত ছিলেন।










