বাংলাদেশ মধ্যপ্রাচ্যে বাণিজ্যের অন্যতম অংশীদার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে ইরানের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যে বাণিজ্যের অন্যতম অংশীদার। আমদানি-রফতানি সম্প্রসারণে উভয় দেশেরই অনেক সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দুই দেশেই ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ কথা জানান ।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নৌপরিবহন উপদেষ্টা ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বাংলাদেশ সরকার সবসময় আন্তর্জাতিক জাহাজ পরিবহনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই জাহাজ পরিচালনা করে থাকে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি বলেন, ইরান বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করে। আর বাংলাদেশ ইরান থেকে এলএনজি আমদানি করে। তিনি দুই দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরো গভীর হবে এবং উভয় দেশের জনগণ এতে উপকৃত হবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










