লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‌নোমানের মাথায় গুলি করা হয়েছে। তিনি মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় রাকিব নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। শুনেছি রাস্তায় তার মৃত্যু হয়েছে।’

নিহত নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি প্রস্তাবিত জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। রাকিব বশিকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও একই ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘‌বশিকপুরের পোদ্দার বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব নিহত হয়েছেন। কী কারণে হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।’