স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, অগ্নি সন্ত্রাস, গ্রেনেড হামলা আর পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যায়। কিন্তু শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করে না। শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ আবার পিছিয়ে যাবে। সারা দেশে যে উন্নয়ন হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বেছে নেবে।

গতকাল রাতে মানিকগঞ্জ পূর্ব দাশড়া সিদ্দিক নগরে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা  বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে আমার কী পেয়েছি, আমরা দেখেছি ক্ষমতায় আসলেই খুন, রাহাজানি, গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা ও মানুষকে পুড়িয়ে মারা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে এসব হয় না, মানুষ শান্তিতে থাকে। আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো দল নেই যারা আওয়ামী লীগকে হারাতে পারে। শুধু যদি পারে, ক্ষতি করতে পারে, হারাতে পারে সেটা আওয়ামী লীগের ব্যক্তিরাই পারবে, অন্তর্দ্বন্দ্ব-দিধাদ্বন্দ্ব করে। তাছাড়া আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় কর্মিসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।