ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সঙ্গে গণপরিবহনের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এসময় আহত হয়েছেন আরো ১০জন।

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নওধার জিরো পয়েন্ট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, রাস্তার পাশেই ট্রাকটির মেরামতের কাজ চলছিল। বিকেলে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাক ও বাস দুমড়ে মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের কাঠমিস্ত্রী হিমেন্দ্র সূত্রধর ও ইমাম পরিবহনের চালক জুয়েল রানা মারা যান।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।