সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অবশেষে অপারেশন থিয়েটার চালু হয়েছে। গতকাল সকালে উপজেলার জটিবাড়ী গ্রামের স্বপন সরকারের স্ত্রী প্রসূতি হাফিজা খাতুনের সিজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার চালু করা হয়। দীর্ঘদিন ধরে এ উপজেলার বাসিন্দারা এ-সংক্রান্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিলেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, ৪১ বছর পর অবশেষে অপারেশন থিয়েটার চালু হয়েছে। এত দিন সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় এ হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। কামারখন্দে অপারেশন থিয়েটার চালু হওয়ায় পাশের কয়েকটি উপজেলার রোগীরা এখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এ হাসপাতালে সন্তান প্রসব হলেই নবজাতককে পুরস্কার দেয়া হবে বলেও তিনি জানান।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে এখানে এতদিন অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়নি। বিষয়টি নজরে এলে গত ২৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় অপারেশন থিয়েটার চালুর ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ১১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হয়। ২০১৪ সালের ৪ এপ্রিল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে হাসপাতালটি। ওই বছরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার। কেনা হয়েছে প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি। অপারেশন থিয়েটারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও নির্ধারিত চিকিৎসক না থাকায় এতদিন সেবাটি চালু করা যাচ্ছিল না।