বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাত আড়াইটার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক এ প্রধানমন্ত্রীকে নিজ বাসায় থেকে চিকিৎসা নেয়া ও দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়া হয়। তার সাময়িক মুক্তির মেয়াদ ছয় মাস পরপর কয়েক দফায় বাড়ানো হলেও চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দেয়নি সরকার।
শায়রুল কবির খান বণিক বার্তাকে বলেন, ‘গত বুধবার দুপুরে খালেদা জিয়া অসুস্থ বোধ করলে অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ডের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বাসায় গিয়ে কয়েক ঘণ্টা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। শনিবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন। পরে তার গুলশানের বাসা থেকে ছোট ভাই সাইদ এস্কান্দারের গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।’










