আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটকদের মধ্যে ২৯ জন বাংলাদেশী ও ৯৩ জন রোহিঙ্গা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশী ফিশিং বোট শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছিল। এ খবরের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী সে এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত সীমান্ত এলাকায় অবস্থানরত ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়েছে।

আটক জেলে ও জব্দ বোটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরো বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।