বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেন রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা । বুধবার (৩১ জুলাই) দুপুর ২টায় রাজশাহী কোর্টের মেইন গেটের সামনে থেকে এ কর্মসূচির ডাক দেন তারা। এদিকে এ কর্মসূচির কারণে কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তা সত্ত্বেও বিচ্ছিন্নভাবে কয়েকজন ওই এলাকায় প্রবেশ করলে ৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।


কোর্ট সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে ৩ জন এবং কোর্টের অন্যপাশ থেকে ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রাজশাহীর উপশহর এলাকার ওয়াকির রহমান শাওন এবং অন্যজন তানভীর আনজুম রাকিন। শাওন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ফাইনান্স বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।


এর আগে, দুপুর ২টার পর রাজশাহী কোর্ট এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে ১২ থেকে ১৫ জন যুবক পুলিশের গাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।