জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান। গতকাল সকালে হবিগঞ্জের বিচারিক ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় মাহদীর জামিন মঞ্জুর করেন।
মাহদী হাসান হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায়।
এর আগে মাহদীর মুক্তির দাবিতে রাতভর হবিগঞ্জ সদর থানার সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই দাবিতে ঢাকায়ও কর্মসূচি পালিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার সামনে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, ‘কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা মাহদীকে ছেড়ে দেয়ার কথা বলেছেন। প্রশাসনের আশ্বাসে শাহবাগের ব্লকেডও তুলে নেয়া হয়।’
এর আগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানোর কথা নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন আখতার। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা শুরুতে স্পষ্ট করা হয়নি।
সম্প্রতি শায়েস্তাগঞ্জ থানার ওসির কক্ষে মাহদী হাসানের সঙ্গে পুলিশের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও এক পুলিশ সদস্যকে জ্বালিয়ে দেয়ার কথা বলতে শোনা যায় মাহদীকে।










