চট্টগ্রামের মিরসরাইয়ে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিতভাবে খনন করা খালের কারণে নির্মাণাধীন সড়ক ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জোরারগঞ্জ বাজার আরএনএস থেকে আবুরহাট সড়কের তিনটি স্থানে ভাঙন দেখা দেয়ায় গত ৯ জুলাই সোনাগাজী পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে এলজিইডি। চিঠির জবাবে সড়ক ভাঙনে পানি উন্নয়ন বোর্ড দায়ী নয় বলে জানানো হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ও কাটাছড়া ইউনিয়নে অবস্থিত গৌরিনাথপুর খালটি সংস্কার করে সোনাগাজী পানি উন্নয়ন বোর্ড। ২০২২-২৩ অর্থবছরে খালটি সংস্কার করা হয়। পানি নিষ্কাশনে মাটি কেটে খালের এক পাশে রাখা হয়। কিন্তু এলজিইডির দাবি, অপরিকল্পিতভাবে খাল খননের ফলে জোরারগঞ্জ বাজার আরএনএস থেকে আবুরহাট সড়কের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়কের পাশ থেকে মাটি কেটে নেয়ায় সড়ক ভেঙে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, এক বছরেরও বেশি সময় ধরে সড়কটি সংস্কার শুরু হলেও এখনো শেষ হয়নি। নির্মাণসামগ্রীর মূল্য বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেছেন। এতে বিপাকে পড়েছে ওই সড়কে চলাচল করা কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এখন নতুন করে যোগ হয়েছে সড়কভাঙন। এভাবে ভাঙতে থাকলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

সিএনজিচালিত অটোরিকশাচালক মেজবা আলম বলেন, ‘খাল খননের ফলে সড়কের পাশ থেকে মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে যাচ্ছে। এ সড়ক দিয়ে প্রতিদিন মুহুরী প্রজেক্ট থেকে মাছবোঝাই ট্রাক চলাচল করে। দ্রুত সড়কটি সংস্কার না করলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।’

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ বাজার আরএনএস থেকে আবুরহাট সড়কটি পাঁচ কিলোমিটার। খাল খননের ফলে সড়কটির তিনটি স্থানের প্রায় ১৩৫ মিটার ভেঙে গেছে। দুই-এক স্থানে সড়ক রক্ষায় দেয়া প্রাচীর ভেঙে পড়ে গেছে খালে। বিষয়টি জানার পর গত ৯ জুলাই খাল খননের দায়িত্বে থাকা সোনাগাজী পানি উন্নয়ন বোডর্কে চিঠি দেয়া হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড চিঠির জবাবে যা লিখেছে তা সন্তোষজনক নয় বলে দাবি মিরসরাই এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলামের।

তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড আমাদের চিঠির জবাবে যা লিখেছে তা সন্তোষজনক নয়। মূলত সড়কের পাশ থেকে গভীর করে মাটি কেটে নেয়ায় সড়কটি ভেঙে গেছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড তা স্বীকার করতে রাজি নয়।’