বরিশালের গৌরনদীতে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসে ১৫-১৬ যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। 

বাসের যাত্রী বরিশাল নগরীর বেসরকারি সংস্থা আভাসের কর্মকর্তা লাবু বলেন, ‘বিকট শব্দে রাত সোয়া ১২টার দিকে আমাদের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে বাসে আগুন লেগে যায়। এ সময় চালক বাস থামিয়ে নেমে পড়েন। সুপারভাইজার যাত্রীদের জানিয়ে বাস থেকে নামতে সহায়তা করেন। তবে বাস থেকে আমরা কোনো মালপত্র নামাতে পারিনি।’ 

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের সাবস্টেশন অফিসার আকতার উদ্দিন জানান, রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি রাত সোয়া ১২টার দিকে গৌরনদীতে পৌঁছে। এ সময় চলন্ত বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে সেখানকার এলাহী পেট্রল পাম্পে থাকা লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে চালক বাসটিকে থামিয়ে দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। এরই মধ্যে ইঞ্জিনের আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। তিনি জানান, খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটি পুরোপুরি পুড়ে যায়।

গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি গোলাম রসুল মোল্লা রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে জানান, বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুরোপুরি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। 

যদিও এ বিষয়ে গ্রিন লাইনের বরিশালের দায়িত্বে থাকা কারো বক্তব্য পাওয়া যায়নি।