নেত্রকোনায় কেন্দুয়া থানার এক উপপরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের আট সদস্য এবং ইউএনও অফিসের চার কর্মচারীসহ আরো ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের ১২ জনই কেন্দুয়ার ও তিনজন দুর্গাপুরের, একজন মদন ও একজন খালিয়াজুরী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় কভিড-১৯ আক্রান্ত শনাক্তের সংখ্যা ১শ ছাড়িয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৭ জনসহ জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১৩ জন। গতকাল শনিবার রাতে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ১০ এপ্রিল। শনিবার রাত পর্যন্ত ৩৬ দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্তে মারা গেছেন মোহনগঞ্জে এক পুরুষ (৪৮) ও মদনে এক নারী (৬০)।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে এ পর্যন্ত মোট ২ হাজার ১৪৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ২১৫ জনের নমুনা পরীক্ষা এখনো বাকি রয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৭ জন সুস্থ হয়েছেন।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান বলেন, শনিবার ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটিই সবচেয়ে বেশি শনাক্তের সংখ্যা। নেত্রকোনায় এ পর্যন্ত ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর দুজন মারা গেছেন।