রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন শীর্ষক প্রকল্পের মাস্টারপ্ল্যান সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে স্থায়ী চারটি ভবনের নকশা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় রাবিপ্রবির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। রাবিপ্রবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান শেলটেক প্রাইভেট লিমিটেডের মধ্যে এ বৈঠক হয়।

বৈঠকে রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. সেলিনা আখতারের সভাপতিত্বে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেন, সচিব ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন রাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এম রুহুল আমিন, আইইবির ফেলো প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ইফতেখার রহমান প্রমুখ।