নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মফিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে। নিহত মফিজ উদ্দিন একই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য খালেক হাজির সঙ্গে বিরোধ চলে আসছিল সাবেক ইউপি সদস্য শাহ আলম মিয়ার। গতকাল সকাল ১০টার দিকে শাহ আলমের আগারবাড়ি এলাকার এক শিশু খালেক হাজির নামাপাড়ায় খেলতে গেলে তাকে মারধর করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন টেঁটাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। টেঁটাবিদ্ধ হয়ে আহত মফিজ উদ্দিন, আছমা বেগম (৩৫), খলিলুর রহমান (৫৫), জোনায়েদ মিয়া (১৮) ও জয়নাল আবেদীনসহ (৭০) অন্য আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক মফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।