চট্টগ্রামে ঝাউতলার বিহারিপল্লীতে কারচুপি ও জারদৌসি কারিগরদের যথেষ্ট সুনাম রয়েছে। কোনো যন্ত্র ছাড়াই সুঁই দিয়েই নিপুণ হাতে পোশাকে বাহারি নকশা তুলতে দক্ষ তারা। বিশেষ করে বিভিন্ন পোশাকের নকশায় কারচুপি ও জারদৌসি কাজে বিশেষ খ্যাতি রয়েছে তাদের। তবে আগের মতো ব্যবসা নেই। বিভিন্ন গার্মেন্টের পাশাপাশি বিদেশী পোশাক বাজার দখল করায় হাতের নকশার তেমন অর্ডার পাওয়া যাচ্ছে না। সারা বছর তেমন কাজ না থাকলেও রমজানে ব্যস্ততা বাড়ে এখানকার কারিগরদের।