রাজধানীর মিরপুর ১৪ নম্বরে বিভিন্ন দাবিতে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে আন্দোলনরত দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। পরে আন্দোলনকারীরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেয়। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে লাগা আগুন নিভিয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম।
স্থানীয়রা জানান, সংঘর্ষের একপর্যায়ে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হন। বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বণিক বার্তাকে বলেন, আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।










