লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিবর্ষণে এক কিশোরসহ দুই বাংলাদেশী গরু চোরাচালানকারী নিহত হয়েছেন। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকার ৪ নম্বর সাবপিলার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ৮-১০ জন গরু চোরাচালানকারীকে ভারতীয় রানীনগর-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই একজন মারা যান। আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলে সেখানে মারা যান।
নিহতরা হলেন জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল ওসমান আলীর ছেলে মো. সুরুজ মিয়া (১৭) ও একই এলাকার শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২)।
লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম দুই বাংলাদেশী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কত রাউন্ড গুলি হয়েছে, আরও কেউ আহত বা নিহত আছে কী না- তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রচন্ড কুয়াশা থাকায় সীমান্তে চোরাচালান কারীদের উপদ্রব বেড়েছে বলে তিনি দাবি করেন।
বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার সময় হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০৭/৪-এস এর নিকট গুলির শব্দ শোনার পর তাৎক্ষণিক বনচৌকি বিওপি কমান্ডার ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মরদেহ ও একজন গুলিবিদ্ধ আহত অবস্থায় পান।
লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আমি নিজেই ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।










