ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাবাসী জানায়, দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের জাহাঙ্গীর মিস্ত্রি ও আলী আকবর শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বিপ্লবের নেতৃত্বে জাহাঙ্গীর মিস্ত্রির সমর্থক রবিউল ইসলাম, আবু তালেব, মিরাজুল ইসলাম, আরিফুল ইসলামসহ ২০/২৫ জন আলী আকবর শেখের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় তারা ওই গ্রামের শওকত মুন্সী, বদিয়ার, নাসিরুল, মাসুদ শেখ, মামুন শেখের বাড়ী, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে বিপ্লবের লোকজনের ভয়ে অনেকেই বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। বাড়ির বাইরে থাকায় ও বিদ্যুতের মিটার ভেঙে দেয়ায় ধানের জমিতে পানি দিতে পারছেন না তারা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা জানান, ঘটনাটি শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।