গত কদিন ধরেই অস্বাস্থকর পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। এর ব্যত্যয় ঘটেনি আজও। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থান ছিল ঢাকার। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ শহরের স্কোর ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ২৮৫ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ আর ২৮১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে কুয়েত সিটি। এছাড়া ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৬১ স্কোর নিয়ে পঞ্চম পাকিস্তানের লাহোর।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।















