জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভাতে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি উপলক্ষ্যে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেছেন। রোববার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংসদ সচিবালয়।

সেশনের শুরুতেই গভর্নিং কাউন্সিলের ২১তম সেশনের এজেন্ডাগুলো গ্রহণ করা হয় এবং ২১২তম সেশনের রেকর্ডের সারাংশ অনুমোদন দেওয়া হয়।

পরে আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ২১২ তম সেশন থেকে সম্পন্ন বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপর আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং আইপিইউ ইমপ্যাক্ট রিপোর্ট ২০২৩ উপস্থাপন করেন।

এবারের সেশনে ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া গভর্নিং কাউন্সিল ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য টাস্ক ফোর্সের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করে।

২০২৪ সালের ক্রেমার-প্যাসি পুরস্কার বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সেশনটি শেষ হয়।

এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক, আখতারুজ্জামান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।