নড়াইলে গত ২৪ ঘণ্টায় হাইওয়ে পুলিশের ১১ জন সদস্য এবং এক ব্যাংকারসহ ১৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় ১২ জন হাইওয়ে পুলিশ সদস্য, আটজন ডাক্তারসহ মোট ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে নড়াইলের হাইওয়ে পুলিশের দুই এসআইসহ পুলিশের ১১ সদস্যকে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, নড়াইল শাখার কর্মকর্তা মঈনুদ্দীন আলীকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। ইতিপূর্বে ওই ক্যাম্পের এটিএসআই মিরাজুলের করোনা শনাক্ত হলে তাকে নড়াইল ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. শরীফ সাহাবুবুর রহমান জানান, লোহাগড়া উপজেলায় যে চারজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সেই চারজনই ঢাকা থেকে ঈদের আগে বা ঈদের পরে বাড়িতে বেড়াতে আসেন। সকলেই নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, সদরের তুলারামপুরস্থ হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকা ইতিমধ্যে লকডাউন করা হয়েছে এবং এদের সংর্স্পশে যারা আসছে তাদের চিহ্নিত করে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইল জেলায় মোট ৪৭ জন করোনা পজেটিভ  হয়েছে। এর মধ্যে ১৮ জন করোনা মুক্ত, ঢাকা থেকে আগত একজনসহ দুজন মৃত্যু হয়েছে, ২৭ জন বর্তমান চিকিৎসাধীন আছে। বর্তমান লোহাগড়া উপজেলায় ১৩ জন, পুলিশ সদস্যসহ নড়াইল সদরে ১৩ জন এবং কালিয়ায় একজন করোনারোগী রয়েছে।