ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠানে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তারা মর্টারবোর্ডের (গ্র্যাজুয়েশন ক্যাপ) ওপর হাদির ইলাস্ট্রেশন সংযুক্ত করে সমাবর্তনে অংশ নেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। দীর্ঘদিনেও হাদির হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আশানুরূপ অগ্রগতি না থাকায় সুষ্ঠু বিচার দাবিই এর মূল লক্ষ্য।

শিক্ষার্থীরা আরো বলেন, ইউআইইউয়ের মতো আনুষ্ঠানিক ও মর্যাদাপূর্ণ আয়োজনে নীরব প্রতিবাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের উদ্দেশ্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া লিংক থেকে ইলাস্ট্রেশন প্রিন্ট করে ক্যাপের ওপর লাগিয়ে অংশ নেন। কোনো স্লোগান, ব্যানার বা সমাবেশ ছাড়াই করা হয় এ প্রতিবাদ।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্র্যাজুয়েট আবির হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত হাদি হত্যার বিচারে শক্তিশালী কোনো ভূমিকা দেখতে পাননি। সরকারের উচিত এ হত্যাকাণ্ডের বিষয়ে আরো গুরুত্ব দেয়া এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। তিনি মনে করেন, এ বিচারের বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকারের পক্ষ থেকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে না। তাই নাগরিক হিসেবে তারা ন্যায্য বিচারের দাবি জানাচ্ছেন।

আরেক গ্র্যাজুয়েট সরোয়ার আলম জানান, সমাবর্তন জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই এ আনন্দের দিনে তারা ন্যায়বিচারের দাবি ভুলতে চান না।

ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি। এ নিয়ে পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালাচ্ছে। আজ বেলা সাড়ে ১২টায় শাহবাগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।