দিনাজপুরের হিলি স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির অনুমোদন দিয়েছে রেল কতৃপক্ষ। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

রেলপথ মন্ত্রণালয় গতকাল এক চিঠিতে জানায়, যাত্রীদের চাহিদা ও রেলের রাজস্ব আদায়ের বিষয়টি বিবেচনায় নিয়ে হিলি স্টেশনে ট্রেন দুটি যাত্রা বিরতির অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ট্রেন দুটি হিলি স্টেশনে যাত্রা বিরতি দিলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত আরো সহজ হবে। পাশাপাশি হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ রেল যোগাযোগের ক্ষেত্রে নানা ভোগান্তির শিকার হয়েছে। এর মধ্যে দুটি ট্রেনের যাত্রা বিরতির অনুমোদন হিলিবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর। স্থানীয়দের প্রত্যাশা ট্রেন দুটি নিয়মিত যাত্রা বিরতি শুরু করলে হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতে সুবিধার পাশাপাশি ঢাকায় যাতায়াতকারী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, অনুমোদনের খবরটি সত্যিই আমাদের হিলিবাসীর জন্য বড় আনন্দের। বিগত সময়ে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছি। কিন্তু কোন সুফল পাইনি। দীর্ঘদিন পরে হলেও এমন খবর আনন্দের।

হিলি স্থল বন্দরের আমদানিকারক ও হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের জন্য ট্রেন দুটির স্টপেজ অনেক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের যাতায়াত সহজ হলে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য আরো গতিশীল হবে। বিশেষ করে ব্যবসায়িক প্রয়োজনে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে সময় ও ভোগান্তি দুটোই কমবে।