ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত নার্সিং ফাইনাল ইয়ার পরীক্ষায় সাফল্য পেয়েছে ইউনাইটেড কলেজ অব নার্সিং (ইউসিএন)। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০টি অবস্থানের মধ্যে সাতটিই অর্জন করেছেন ইউসিএনের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ২০২১-২২ শিক্ষাবর্ষের ১১তম ব্যাচের চতুর্থ বর্ষের বিএসসি ইন নার্সিং কোর্সের সব শিক্ষার্থী এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলাফলে ইউসিএনের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম স্থান অর্জন করেন।

ইউসিএনের অধ্যক্ষ মমতাজ খানম বণিক বার্তাকে বলেন, ‘প্রতিষ্ঠানের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের সব শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারা আনন্দিত। একই সঙ্গে শীর্ষ ১০ অবস্থানের সাতটি অর্জনকে প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সাফল্য।’

তিনি আরো বলেন, ‘এ ফলাফল শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। আগের তিনটি ব্যাচও অনেক সফলতার সঙ্গে ভালো ফলাফল অর্জন করে।’ এরই ধারাবাহিকতায় তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। নার্সিং শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ নার্স তৈরির ক্ষেত্রে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

২০১১ সালে যাত্রা শুরু করা ইউনাইটেড কলেজ অব নার্সিংয়ে বর্তমানে দুই থেকে চার বছর মেয়াদি ছয়টি কোর্স চালু রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এসব কোর্সে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ল্যাব ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

এর মধ্যে রয়েছে মাস্টার অব সায়েন্স ইন নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, পোস্ট-বেসিক নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ব্যাচেলর অব সায়েন্স ইন পাবলিক হেলথ নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি।