ঢাকার বায়ুদূষণ রোধে ইকোনমিক লাইফ অতিক্রান্ত ২০ বছরের অধিক বয়সী বাস প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ৮ এপ্রিলের মধ্যে ঢাকা শহরে চলাচলকারী বাসের তালিকা প্রদান করবে। পরিবহন মালিক সমিতি ২০ এপ্রিলের ফিটনেসবিহীন বাস প্রত্যাহারের পরিকল্পনা প্রদান করবে। বৃহত্তর জাতীয় স্বার্থে এক্ষেত্রে কোনও আপোষ করা হবে না।
রোববার (৩১ মার্চ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহনের কালো ধোঁয়া ও উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী না রাখা এবং বায়োমাস বর্জ্য পোড়ানো বন্ধ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।
সভাপতির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী আরো বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে দূষণ নিয়ন্ত্রণের বরাদ্দকৃত বাজেট দূষণ নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নেই ব্যয় করতে হবে। রাস্তার খননকাজ সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা তিতাস গ্যাস, বিদ্যুৎ বিভাগ ও ওয়াসা সিটি কর্পোরেশন সমন্বয় করে বাস্তবায়ন করবে। এছাড়া পেট্রোলিয়াম কর্পোরেশনকে সালফারসহ ডিজেল আমদানি বন্ধ করতে হবে বলেও জানান তিনি।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পদূনি) তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন এসোসিয়েশনের সহসভাপতি মাহবুবুর রহমান এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










