কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মাইক্রোবাস থামিয়ে মাহমুদুল হক (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকালে খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মাহমুদুল জানান, ব্যক্তিগত মাইক্রোবাসে বাসা থেকে রামুর দিকে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে তারা। এক পর্যায়ে মাথায় গুলি করার চেষ্টা করা হলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি বলে দাবি করেন তিনি। প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান মাহমুদুল।

হামলায় জড়িতদের কয়েকজনকে চিনতে পেরেছেন দাবি করে মাহমুদুল বলেন, তারা ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী।

এদিকে ঘটনার পর আবু নাছের নামে একজনকে আটক করেন। তবে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ তাকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ করেছেন মাহমুদুলের স্বজনেরা। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাশেদ উল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।