তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি তরুণরাই।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। এটি শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিষ্ঠা করতে সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের বীজ মূলধন দেয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে বাজেটে ৫০০ কোটি টাকার প্রারম্ভিক তহবিল রাখা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের আলোচকেরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনভিত্তিক দক্ষতা উন্নয়ন ও যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনের নেতৃত্বদানকারী হিসেবে ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।










