ঈদ কেন্দ্র করে রাজধানীর রাস্তাঘাট প্রায়ই ফাঁকা হয়ে গেছে। এমন রাস্তায় অতিরিক্ত গতিতে আজিমপুর-মিরপুর রুটে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন বাসের ১০ জন যাত্রী। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান মাসুম বণিক বার্তাকে বলেন, ‘কিশোর চালক ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন। মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছে। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া জানান, এমন একটি দুর্ঘটনা ঘটেছে। বাসের চালককে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।










