জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বর্তমানে কোনো কাজে না লাগা ইভিএমের সংরক্ষণ ব্যয় কতদিন বহন করতে হবে—তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে সংস্থাটি।
সোমবার (৬ এপ্রিল) ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, যে জিনিসের প্রতি সবার অনাস্থা, সেটা নিয়ে আমরা কেন চর্চা করব? তিনি আরো জানান, ইভিএম বর্তমানে অডিট বিভাগের আওতায় রয়েছে এবং বিষয়টি নিরীক্ষাধীন।
ইভিএমসংক্রান্ত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, এ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। পাশাপাশি অডিট বিভাগও আলাদা করে নিরীক্ষা চালাচ্ছে। একটি তদন্ত কমিশনও বিষয়টি পর্যালোচনা করছে। এসব প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে নতুন করে মন্তব্য করা সমীচীন হবে না বলে উল্লেখ করেন তিনি।
ইভিএম ব্যবস্থাপনার ভবিষ্যৎ ও সংরক্ষণ ব্যয়ের মেয়াদ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এ মুহূর্তে আমার কাছে কোনো টাইমলাইন নেই। দিতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম।
বর্তমানে ব্যবহৃত না হলেও ইভিএম সংরক্ষণে নিয়মিত ব্যয় হচ্ছে বলে জানান তিনি।










