বরগুনার পাথরঘাটা উপকূল থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ঝড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইফুল ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। সেখানে জেলেরা জাল ফেলে ঘুমিয়ে পড়লে এর কিছুক্ষণ পর হঠাৎ ঝড় শুরু হয়। পরে ট্রলারটি ডুবে যায়।
ঘটনার সময় কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার থেকে ভাসমান অবস্থায় ৯ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩ জনকে পাওয়া যায়নি। এখনো তারা নিখোঁজ।
নিখোঁজ তিনজন হলেন— চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের বাসিন্দা কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) ও কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।
উদ্ধার হওয়া জেলেদের উপকূলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।










