ময়মনসিংহে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক স্কুল শিক্ষক মারা গেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উসমান গণি (৫০) ধোবাউড়া উপজেলার বাসিন্দা এবং ওই উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে ও তারাকান্দা থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যার পর ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে বালুভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহী উসমান গণির মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সহকারী শিক্ষক উছমান গণি রাস্তায় পড়ে যান। ওই সময় পেছনে আসা অন্য একটি ট্রাক মোটরসাইকেল আরোহীর উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান উসমান গনি।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়।