নভেল করোনাভাইরাসের কারণে দেরিতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে । পরবর্তীতে এ ক্ষতি সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও আল আমিন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের করোনা টিকার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২২ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়ার সুযোগ ছিল না। এখনো দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেয়ার পরিস্থিতি নেই। তারপরও আমরা দ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি। 

মন্ত্রী আরো বলেন, আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাই। আমরা পরীক্ষাটি নিতে পেরেছি। শিক্ষার্থীদের যা ক্ষতি হয়েছে, পরবর্তীতে তা আমরা সমন্বয় করবো। আশা করি কারো অসুবিধা হবে না।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটওয়ারী, ইউএনও সানজিদা শাহনাজ উপস্থিত ছিলেন।