কৃষক দীন ইসলামের জমির ধান কেটে আনুষ্ঠানিকভাবে হাওরে উদ্বোধন করা হলো বোরো ধান কাটার উৎসব। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আতলার হাওরে আয়োজিত হয় ব্যতিক্রমী এ উৎসব।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক রোকন ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকরা অংশ নেন এ উৎসবে।

ধান কাটা উৎসবে যোগ দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হোসেন আল বান্না বলেন, এবার বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যেই এ উপজেলায় আবাদকৃত বোরো জমির ধান কাটা শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।

এদিকে জেলার বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। কৃষকদের সর্বাত্মক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে বলে জানান ইউএনও শীতেষ চন্দ্র সরকার।