প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হয়রানি এবং তাদের জীবিকা অর্জনে হুমকিস্বরূপ বলে মনে করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) নেতারা।
গতকাল দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিমত প্রকাশ করেন।
নাসিবের নরসিংদী জেলা শাখার সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন শেষে এ বিষয়ের ওপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আসাদুল হক পলাশ, সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, নাসিবের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুজ্জামান স্বপন, সহসাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন।
বক্তারা বলেন, সম্প্রতি সব ক্ষুদ্র ব্যবসায়ীর লাইসেন্স বাধ্যতামূলক, ধূমপান এলাকা ব্যবস্থা বিলুপ্তি, খুচরা সিগারেট শলাকা নিষিদ্ধ, পাবলিক প্লেসের সংজ্ঞায় চায়ের দোকান অন্তুর্ভুক্ত, ফেরি করে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধসহ মোট সাতটি আইনের খসড়া তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খসড়া প্রণয়ন করা হলে ১৫ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা বেকার হয়ে পড়বেন। এতে তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৮০ লাখ নিম্ন আয়ের মানুষের দৈনিক জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।










