বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর বলেছেন, সরকারের রোষানলে বিএনপি নেত্রীকে বন্দি করে রাখা হয়েছে। কঠিন দুঃসময় পার করছে বিএনপি। শুধু দল নয়, পুরো দেশ একটা দুঃসময় পার করছে। তারপরও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ
সংগ্রাম করে চলছে, জনগণের আন্দোলন বৃথা যায় না।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঈদুল
ফিতর উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খরচ বেড়ে যাওয়ায়
সাধারণ মানুষ ভালো কাপড় আর খাবার কিনতে পারছে না।
তাই দেশের মানুষের মনে আনন্দ নেই। এ
কারণে এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে দুঃখের।
এ সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস
করেছে, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা দেশের মানুষের গণতন্ত্রের
অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো।
বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র
প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট
দিয়েই এ সরকার ক্ষমতায় এসেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে।










